কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬২) দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তার স্ত্রী ঝরনা বেগম(৪৮)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও তার স্ত্রী। তারা হাঁটতে হাঁটতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়েন।
প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় জিংলাতলী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

