ইতালিতে এক পরিবারের তিনজন খুন

মা এখনো জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই

জেলা প্রতিনিধি, নোয়াখালী

মা এখনো জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই

৬০ ঊর্ধ্ব বয়সী জাহানারা বেগমের সংসারে এক ছেলে ও পাঁচ মেয়ে। ছেলে কামাল উদ্দিন বাবুলকে ঘিরেই ছিলো তার অনেক স্বপ্ন। সে বিদেশে থাকলেও প্রতিদিন ফোন করতেন, মায়ের খোঁজ নিতেন। দেশে ফিরে আসারও আশ্বাস দিতেন।

বিজ্ঞাপন

কিন্তু ইতালির রাজধানী রোমে বাবুলসহ তার স্ত্রী ও পাঁচ বছরের মেয়েকে হত্যা করা হয়।

জাহানারা এখনও জানেন না ছেলে বেঁচে নেই। তিনি বিশ্বাস করেন, ছেলে বেঁচে আছে, সুস্থ হয়ে একদিন ফিরে আসবে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বিজয়নগর এলাকায় বাবুলের বাড়িতে দেখা গেছে, শোকে স্তব্ধ পুরো পরিবার। ঘরে বসে ছেলের বউ ও নাতনির জন্য অজোরে কাঁদছেন জাহানারা বেগম। তিনি চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার বাবুল আবার আইবো, আমার বাবুলের কিছু হইব না।

পরিবারের সদস্যরা জানালেন, মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এখনো তাকে ছেলের মৃত্যুর বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি। শুধু বলা হয়েছে, বাবুল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০১০ সালে জীবিকার সন্ধানে ফুফাতো বোনের জামাই আমিন উল্যার সহায়তায় ইতালিতে পাড়ি জমান কামাল উদ্দিন বাবুল। বিদেশ যাওয়ার আগে পারিবারিকভাবে বিয়ে করেন একই ইউনিয়নের মমতাজ বেগম আরজুকে। সময়ের সঙ্গে তাদের সংসারে জন্ম নেয় এক ছেলে অয়ন ও এক মেয়ে আরিশা। প্রবাসজীবনের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে গড়ে তুলেছিলেন একটি সুখি সংসার। পরিবারের সদস্যদের আশা ছিল, কয়েক বছর পর দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস করবেন বাবুল। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায় গত শুক্রবার রাতে।

ইতালির স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিও এলাকায় ভয়াবহ এ ঘটনা ঘটে। নিহত হন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা। গুরুতর আহত হন তাদের ছেলে অয়ন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও স্বজনদের দাবি, একই গ্রামের শাহাদাত হোসেনের সঙ্গে বাবুলের স্ত্রীকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, দেশে থাকাকালীন সময় থেকেই আরজুর সঙ্গে শাহাদাতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধ ছিল। পরে পরিস্থিতি সামাল দিতে বাবুল তার স্ত্রী-সন্তানদের ইতালিতে নিয়ে যান। অন্যদিকে, প্রায় চার বছর আগে শাহাদাত হোসেন তার পরিবারসহ যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে পারিবারিক বিচ্ছেদের পর তিনি ইতালিতে চলে আসেন বলে জানা গেছে।

স্বজনদের দাবি, ঘটনার দিন পারিবারিক বিরোধের সমাধানের উদ্দেশ্যে কামাল উদ্দিন, তার স্ত্রী ও সন্তানদের উপস্থিতিতে শাহাদাতের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হলে শাহাদাত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই নিহত হন কামাল, তার স্ত্রী ও শিশু কন্যা। আহত ছেলে অয়ন প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছেন স্বজনরা।

ঘটনার পর সন্দেহভাজন শাহাদাত হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন বলে অভিযোগ উঠেছে। সেখানে তিনি লেখেন, একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে অন্যকেও মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত। তাতে কারও জন্য কাউকে কষ্ট পেতে হয় না।

কামাল উদ্দিনের বাবা সিরাজুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে দেশে আসার সময় তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছিল। বিষয়টি মৌখিকভাবে কোম্পানীগঞ্জ থানাকে জানানো হয়েছিল বলেও তিনি দাবি করেন। আমরা তখনও ভয় পেয়েছিলাম। কিন্তু ভাবিনি, আমার ছেলেকে এভাবে হারাতে হবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, তৎকালীন সময়ে ভুক্তভোগী পরিবার মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছিল। এরপর পুলিশ নিয়মিত টহলের মাধ্যমে তাদের নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করেছিল।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন