গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে একটি টায়ার পোড়ানো কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শ্রমিক সোহেল রানা (২৪) সোমবার (২৯ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম এলাকায় অবস্থিত একটি টায়ার পোড়ানো কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর দগ্ধ হন শ্রমিক সোহেল রানা ও শাওন (১৬)।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানার ভেতরে কাজ চলাকালে হঠাৎ বয়লার বিস্ফোরিত হলে আগুনে দগ্ধ হন তারা। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত সোহেল রানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মো. সামসুদ্দিনের ছেলে। আহত অপর শ্রমিক শাওন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে। শাওন বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে একজন (সোহেল) মারা গেছেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ঝুঁকিপূর্ণভাবে টায়ার পোড়ানোর কার্যক্রম চলছিল, যা পরিবেশ ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...