রাঙামাটিতে শেষ হলো অবরোধ, সাজেকের পরিস্থিতি শান্ত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে শেষ হলো অবরোধ, সাজেকের পরিস্থিতি শান্ত
ছবি: আমার দেশ

গত বৃহস্পতিবার সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনার জেরে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ দুপুর ১২টায় শেষ হয়েছে। অবরোধে দুর্গম এলাকায় যান চলাচল বন্ধ থাকলেও শহরে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। বেশির ভাগ এলাকায় যান চলাচল ও ব্যবসা-বাণিজ্য-স্বাভাবিক রয়েছে। তবে দুর্গম এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্য নিয়ে না আসতে পারায় বিভিন্ন এলাকায় শনিবারের সাপ্তাহিক বাজার মেলেনি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত টহল দিয়েছে।

বিজ্ঞাপন

এ অবরোধকে কেন্দ্র করে দূর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে অবরোধ সমর্থকেরা।

প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় সাজেক পর্যটন কেন্দ্র পর্যটকশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির পর সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাঙামাটি শহর এলাকায় পর্যটকের ব্যাপক সমাগম লক্ষ করা যাচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন