ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রাঙামাটিতে ১৪৪ ধারা

জেলা প্রতিনিধি, রাঙামাটি

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রাঙামাটিতে ১৪৪ ধারা

রাঙ্গামাটি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার দুপুরে নতুন জেলা কমিটির পদবঞ্চিতরা দ্বিতীয় দিনের মত বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা কার্যালয়ের সামনে প্রধান সড়ক দখলে নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ।

বিজ্ঞাপন

একই সময় নতুন কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পদ বঞ্চিতরা দুপুর ১২টা থেকে জেলা কার্যালয়ের অবস্থান নিয়ে তিনটা পর্যন্ত দখলে রাখে।

অপরদিকে পৌরসভা চত্বরসহ শহরে বেশ কয়েকটি এলাকায় নতুন কমিটিকে স্বাগত জানাতে একত্রিত হয় একাংশের নেতাকর্মীরা। বিকেল তিনটার দিকে নতুন কমিটির সমর্থকরা সংঘবদ্ধভাবে এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে বিএনপি অফিস দখলে নেয়।

এ ঘটনায় আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। জেলা বিএনপির কার্যালয়সহ ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বনরুপা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী এসে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি কলি আহাত বলেন, ছাত্রদলের নতুন কমিটিতে কিছু পদবঞ্চিত নেতা বিক্ষোভ করছেন। এটা স্বাভাবিক বিষয়। নতুন কমিটি সকলের সাথে আলোচনা করে ছাত্রদলের কাজকে আর শক্তিশালী করবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...