বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনের কাজ দৃশ্যমান পর্যায়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। যত্রতত্র ময়লা ফেললে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার নগরীর টাইগারপাস চসিক কার্যালয়ে প্রকৌশল পরিচ্ছন্ন বিভাগ জলাবদ্ধতাবিষয়ক সভায় তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে স্ব-স্ব অঞ্চলের জলাবদ্ধতার সব কারণ চিহ্নিত করবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। প্রত্যেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ২০ জন করে শ্রমিক দিয়ে ১২০ জনের ছয়টি বিশেষ টিম করে দেওয়া হয়েছে। এসব টিমকে কাজে লাগিয়ে এলাকার ড্রেন থেকে ময়লা পরিষ্কার করে ফেলবেন।
এছাড়া স্ব-স্ব অঞ্চলের যেসব কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট, হাসপাতাল, মার্কেটসহ বড় প্রতিষ্ঠানগুলো যত্রতত্র ময়লা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করলে তালিকা করবেন। এরই মধ্যে সাতজন ম্যাজিস্ট্রেট প্রদানের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সেই তালিকা ধরে ম্যাজিস্ট্রেটদের দিয়ে জরিমানাসহ শাস্তির আওতায় আনা হবে।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বরাদ্দের অর্থ সুপরিকল্পিতভাবে ব্যয় করতে হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

