মিরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট ফ্যাক্টরির পরিত্যক্ত গার্ডরুম থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুমে অর্ধবসা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম চট্টগ্রাম শহরের বিশ্বকলোনী এলাকার সাহেব আলীর ছেলে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মৃত। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

জানা গেছে, আমিনুল গতকাল বাসা থেকে বের হয়। আজ সে মারা যাওয়ার খবর পাওয়া যায়। তিনি ভাঙ্গারী ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ওই কারখানার একজন পাহারাদার সকালে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন