কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে ভাড়া বাসার কক্ষ থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে তারা লাশ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন (২৫) কক্সবাজার শহরের কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে তিনি দোকানে কর্মচারীদের পাঠানোর কিছুক্ষণ পরই তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পারিবারের সূত্র দাবি করছেন, এই ঘটনার পর থেকে জয়নালের দোকানের দুই কর্মচারী পলাতক রয়েছে।
নিহতের মামা মোহাম্মদ হোসেন অভিযোগ তুলেছেন, তার ভাগিনা আত্মহত্যা করতে পারে না। তার সঙ্গে এলাকার একাধিক ব্যবসায়ীর বিরোধ ছিল। তাকে পূর্বেও হত্যার হুমকি দেয়া হয়েছিল।
তিনি বলেন, এটি নিছক আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই আমরা বিশ্বাস করি।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান সাংবাদিকদের বলেন, এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ কর্মচারীদের খোঁজা হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

