সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি

প্রতিবেশী দেশগুলোর স্বার্থরক্ষায় মায়ানমারে করিডোর দেওয়া উচিত নয়

প্রতিবেশী দেশগুলোর স্বার্থরক্ষায় মায়ানমারে করিডোর দেওয়া উচিত নয়

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কমরেড শাহ আলম বলেছেন, মায়ানমারের রাখাইন রাজ্যে ভারত আর চীনের বিপুল বিনিয়োগ আছে। ত্রাণ বা মানবিক করিডোরের নামে আমেরিকাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিলে প্রতিবেশী দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ণ হবে। এতে ভবিষ্যতে ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটতে পারে। এই বিবেচনায় করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারের সরে আসা উচিত।

তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে দেশের জাতীয় অর্থনীতিও বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। গতকাল শনিবার চট্টগ্রামের চেরাগী পাহাড়ের একটি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় অবিলম্বে রাখাইনে ত্রাণ করিডোর ও চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া বন্ধ না করলে ঈদের পর বামজোট ও তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষাবিষয়ক জাতীয় কমিটি ঐক্যবদ্ধভাবে ঢাকা থেকে চট্টগ্রামে লংমার্চ কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের পরিবর্তে দেশে মবতন্ত্র কায়েম হয়েছে বলে অভিযোগ করেন সিপিবি সভাপতি। তিনি বলেন, এর থেকে উত্তরণে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। ডিসেম্বর কেন, সরকার আন্তরিক হলে অক্টোবরেও জাতীয় নির্বাচন করা সম্ভব।

দেশের বড় রাজনৈতিক দল- বিএনপি, সিপিবিসহ অধিকাংশ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর দাবি মেনে দ্রুত নির্বাচনের আয়োজন করা। নইলে দেশে অস্থিরতা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন কমরেড শাহ আলম। এ সময় সংবাদ সম্মেলনে সিপিবি চট্টগ্রাম মহানগরীর সভাপতি কমরেড অধ্যাপক অশোক সাহাসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন