টানা অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম মহানগরীর সরকারি, সিটি করপোরেশন পরিচালিত এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মঙ্গলবার ৭ জুন এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজকের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে বিদ্যালয়ের কার্যক্রম ও স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এদিকে, সকালে চট্টগ্রাম শিক্ষক সমিতির হোয়াটসঅ্যাপ গ্রুপে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার একটি নোটিস পাঠানো হয়। ওই নোটিস পাওয়ার পর মহানগরীর বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করেন।
চট্টগ্রাম মহানগরের বাওয়া স্কুলের অধ্যক্ষ আরিফুল উল হাসান চৌধরী বলেন, সকাল থেকেই ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী শনিবার থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী নেওয়া হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের পরবর্তী নির্দেশনার জন্য নোটিশ অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

