আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাঁচ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন বিএনপির বিজয়ী প্রার্থী

জেলা প্রতিনিধি, চাঁদপুর

পাঁচ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন বিএনপির বিজয়ী প্রার্থী

নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের ৫ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ৫ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করেন তিনি।

বিজ্ঞাপন

এদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে রয়েছে। আটককৃতরা হলেন- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম।

চাঁদপুর মডেল থানার ওসি মো, ফয়েজ আহমেদ জানান, আজ শনিবার তাদের বিশেষ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনের দিন দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরে জড়িতদের শনাক্ত করা হয়।

চাঁদপুর -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে মাদক এবং সন্ত্রাস নির্মূলের কমিটমেন্ট করেছি।

তিনি বলেন, আমি চাই চাঁদপুরের মানুষ নিরাপদে এবং শান্তিতে থাকুক। যতদিন থাকবো, ততদিন আমি আমার নির্বাচনী এলাকায় কোন সন্ত্রাসী কার্যক্রম হতে দেব না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন