বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লা মুরাদনগরের ৭ শহীদ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার পাঠালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার এসব উপহার পৌঁছে দেন কায়কোবাদ এর ভাতিজা কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জায়িফ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, যুবদল নেতা মাসুম মুন্সি, স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ফয়েজুল ইসলামসহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ।
রমজানের উপহার পেয়ে শহীদ ইমনের মা রেহেনা বেগম বলেন, আমার ছেলে শহীদ হওয়ার পর কায়কোবাদ দাদা ৫০ হাজার টাকা দিছে। বসত ঘর, টিউবওয়েল, টয়লেট এমনকি রান্নাঘরও করে দিছে। আমারে রমজানের উপহার দিয়ে গেছে। এত দামী খেজুর আমারে দিছে। আল্লাহ দাদারে নেক হায়াত দান করুক।
শহীদ সাব্বিরের মা বলেন, কায়কোবাদ দাদা ছাড়া আমাদের কেউ খোঁজও রাখে না। দাদা ভাইয়ের পক্ষ থেকে রমজানের উপহার পেলাম। এর আগে আমার ছেলে যখন আহত ছিল তিনি চিকিৎসা করাইছেন। শহীদ হওয়ার পর দাফন কাফনের ব্যবস্থা করাইছেন। ৫০ হাজার টাকা দিছেন। বসতঘর, টয়লেট, টিউবওয়েলও করে দিছেন। আল্লাহ দাদারে ভালো রাখুক। আমরা সাধারণ মানুষ এমন এমপিই চাই।
কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জায়িফ শহীদ পরিবারের উদ্দেশ্য বলেন, আপনার শহীদ সন্তানের পক্ষ থেকে এ উপহারটুকু গ্রহন করুন। প্রথম রমজানেই এ খেজুর দিয়ে ইফতার করবেন। এবং আমার বড় বাবা (কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ) বলেছেন, আপনাদের যে কোন প্রয়োজনে আমাদের জানালে আমরা খুব খুশি হব।
তিনি আরো বলেন, উনি শুরু থেকেই শহীদ পরিবারের পাশে ছিলেন। শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা, বসতঘর নির্মাণ করে দিয়েছেন। পবিত্র রমজান উপলক্ষে তাদের জন্য আমাদের মাধ্যমে উপহার পাঠিয়েছেন। আমরা শহীদদের জন্য দোয়া করি এবং সব সময় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

