চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি কিংবা ব্যাংকে থাকা নগদ টাকার কোনো ক্ষতি হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে জানমালসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ব্যাংকের দুজন কর্মকর্তা-কর্মচারী।

শনিবার দুপুরে এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, ‘রাত আনুমানিক সোয়া তিনটার দিকে আমাদের নাইট গার্ড বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানান।’

তার ভাষ্যমতে, কে বা কারা জানালা দিয়ে ঢিল ছোড়ার মতো কিছু একটা নিক্ষেপ করেছিল। পরে তিনি ফায়ার সার্ভিসকে জানানোসহ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৪টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপিত হয়। এর ফলে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয় এবং ব্যাংকের অন্যান্য সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এই অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন