কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে একটি এক্সকাভেটরবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা-চাঁদপুর রেলগেটসংলগ্ন মেজ্জান নামের একটি হোটেলে ঢুকে পড়ে। এতে রেলপথে অচলাবস্থার সৃষ্টি হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকাজ সম্পন্ন করলে সকাল সাড়ে ৬টায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম-চাঁদপুর রেলপথের লাকসাম বাইপাসসংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মেজ্জান নামের একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে একটি এক্সকাভেটরবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়ে। এ সময় বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীদের চিৎকারে আশপাশের লোকজন তখন ছুটে এসে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনসহ থানায় খবর পাঠালে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষসহ পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধার কাজ শেষ হলে সকাল সাড়ে ৬টায় রেলপথ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পরে অবৈধভাবে গড়ে ওঠা হোটেলটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। রাতে হোটেলটি বন্ধ থাকায়, হতাহতের ঘটনাও ঘটেনি। লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

