চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘিরপাড় এলাকায় নির্মাণাধীন একটি ১০ তলা ভবনে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে হামলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা নির্মাণশ্রমিক ও প্রহরীদের মারধর করে এবং তিনটি ককটেল নিক্ষেপ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার সকালে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ভাটিয়ারী লিংক রোড–সংলগ্ন একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকারি চাল ও চিনির ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন সেখানে একটি ১০ তলা ভবন নির্মাণ করছেন। গত এক মাস ধরে বিদেশি ফোন নম্বর থেকে তাকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। কয়েকদিন ফোন বন্ধ থাকার পর গত এক সপ্তাহ ধরে আবারও চাঁদার দাবিতে ফোন আসতে শুরু করে।
মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিষয়টি তিনি আগেই হাটহাজারী মডেল থানাকে অবহিত করেছিলেন। কিন্তু চাঁদার টাকা না দেওয়ায় রোববার সকালে মুখে মাস্ক পরা একদল সন্ত্রাসী নির্মাণাধীন ভবনে হামলা চালায়। তারা নির্মাণশ্রমিক ও প্রহরীদের মারধর করে এবং তিনটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করবেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার ঘটনা দেখা গেছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

