কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বাংলাদেশের সমুদ্রসীমার কোস্ট গার্ড অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে মাদক পাচারকারীরা ৩টি বস্তা পানিতে ফেলে মিয়ানমার সমুদ্রসীমায় পালিয়ে যায়।
পরে বস্তাগুলো তল্লাশি করে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে।
জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ও ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

