ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসফিল্ডে খনন করা হচ্ছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ। গতকাল রোববার সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খননকাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মিজানুর রহমান। খনন শেষে এ কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনের থাকা ২২টি কূপ থেকে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। বর্তমানে সর্বোচ্চ তিন হাজার ৭০০ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন হচ্ছে।

বিজ্ঞাপন

তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে মজুত এবং চাপ কমেছে দেশের সবচেয়ে পুরোনো এ গ্যাসফিল্ডের সবকটি কূপে। এতে করে কমেছে উৎপাদন। এ অবস্থায় গ্যাসের নতুন উৎস খুঁজতে থ্রিডি সিসমিক জরিপ প্রকল্প নেয় বিজিএফসিএল। এর পরিপ্রেক্ষিতে তিতাস ও বাখরাবাদ ফিল্ডে খনন করা হচ্ছে দুটি গভীর অনুসন্ধান কূপ। এ দুটি কূপ খননে ব্যয় হবে ৫৯৪ কোটি টাকা।

পাঁচ হাজার ৬০০ মিটার গভীরতায় তিতাসের নতুন ৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপটি খননে সময় লাগবে প্রায় সাত মাস। খননকাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি। খনন শেষে কূপটি থেকে প্রতিদিন উত্তোলন করা হবে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মাহমুদুল নবাব জানান, থ্রিডি সিসমিক জরিপের রিপোর্ট অনুযায়ী কূপটিতে এক-দেড় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে। যেহেতু অনেক গভীরতায় কূপ খনন হবে, এতে করে কিছু চ্যালেঞ্জও আছে। তবে সফলভাবে খনন শেষ করতে পারলে এখানে আরো সাতটি কূপ খনন করা হবে।

বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক জানান, তিতাসসহ বিজিএফসিএল পরিচালিত অন্য ফিল্ডগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন এবং পুরোনো কূপের ওয়ার্কওভার প্রকল্প নেওয়া হয়েছে। তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ সফলভাবে খনন করতে পারলে এটি জ্বালানি খাতের জন্য মাইলফলক হবে।

পেট্রোবংলার পরিচালক (অর্থ) বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে চলতি বছরের মধ্যে ৫০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় তিতাসের এ গভীর অনুসন্ধান কূপ খননের উদ্দেশ্য সফল হলে জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে।

খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আশরাফুল আলম ও কোম্পানি সচিব মোজাহার আলীসহ পেট্রোবাংলা ও বিজিএফসিএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...