ফেনীতে শামসুল আরেফিন (৩৫) নামের এক জামায়াত কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা চালিয়েছেন বিএনপি কর্মীরা। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। চার ঘণ্টা পর ভিকটিমকে উদ্ধার করে অভিভাবকদের হাতে হস্তান্তর করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভিকটিম শামছুল আরেফিন জানান, তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ার হাট এলাকায় একটি কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন।
এ সময় হঠাৎ ১০-১২ জন যুবক ধরধর বলে তাদের দিকে তেড়ে এলে ভয়ে তার বন্ধু দৌড়ে কেটে পড়েন। তেড়ে আসা যুবকেরা তাকে মারধর করে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে নির্যাতন করতে থাকেন।
একপর্যায়ে হাতে একটি অস্ত্র ধরিয়ে দিয়ে গুলির ভয় দেখিয়ে বিভিন্নভাবে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালিয়ে যান ওই যুবকেরা। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়ে তাকে উপজেলার মুহুরীগঞ্জ বাজারে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রাব্বি, ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারি মো. রাকিব, ইউনিয়ন ছাত্রদলের সহকারী সেক্রেটারি মো. মনসুরের নেতৃত্বে এ ঘটনায় সম্পৃক্তরা হলেন— মো. হোসেন চৌধুরী রাকিব, নুর নবী চৌধুরী, শাহাদাত হোসেন পাটোয়ারী, মেজবাহ উদ্দিন রুবেল, আইয়ুব নবী, জাহাঙ্গীর আলম, একরামুল হক তৌহিদ। এরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
ফেনী-১ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রশাসনকে জোর দাবি জানানো হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুহুরিগঞ্জ বাজার থেকে শামসুল আরেফিন নামে ওই যুবককে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করেছেন। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

