চট্টগ্রাম নগরীতে ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টার ব্যবধানে ছোট ভাইও মারা গেছেন। বুধবার (১০ জুন) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন (৭৭) ও তাঁর ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৬)। তাঁরা মৃত ছাবের আহমদের ছেলে। শাহাবুদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ছিলেন। তিনি বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শাহাবুদ্দিন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই সাইফুদ্দিন রবি বিষয়টি নিশ্চিত করে বলেন, বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর শুনে অসুস্থ ছোট ভাই মোহাম্মদ পেয়ারু হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর রহমাননগর এলাকার নাসিরাবাদের নিজ বাসভবনে মারা যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

