মিরসরাইয়ে পিতার হাতে পুত্র খুন

মিরসরাইয়ে পিতার হাতে পুত্র খুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে পিতার হাতে পুত্র খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পশ্চিম মায়ানী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মায়ানী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকার আকনের বাড়ির নুরজ্জামান (৫৫) সম্প্রতি বিদেশ থেকে ফিরে দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন।

এ নিয়ে তার প্রথম স্ত্রী ও ছেলে শাহেদের (২৫) সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে নুরজ্জামান নিজের ছেলে শাহেদকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত শাহেদ ঘটনাস্থলে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসক ডা. রাহাত জানান, হাসপাতালে আনার আগেই শাহেদের মৃত্যু হয়েছে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মৃত্যু সনদ ও সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন