রামগঞ্জে পল্লী বিদ্যুতের ১১১ জনের মধ্যে ৯৯ জনই ছুটিতে

রামগঞ্জে পল্লী বিদ্যুতের ১১১ জনের মধ্যে ৯৯ জনই ছুটিতে

চার দফা দাবী আদায়ের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মোট ১১১ জন কর্মকর্তা–কর্মচারীর মধ্যে ৯৯ জনই একযোগে ছুটির দরখাস্ত দিয়ে কর্মস্থল ছেড়েছেন।

এতে করে উপজেলার সাধারণ গ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তিতে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং বা দুর্ঘটনার মতো পরিস্থিতি দেখা দিলেও তা সমাধান করার মতো লোকবল নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এদিকে পানপাড়া, আজিমপুর–করপাড়া, ভাটরা ও ভাদুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সকল কর্মচারী দাবী আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি তারা রামগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) কাছে কেন্দ্রগুলোর সরকারি মোবাইল ফোন জমা দিয়েছেন। ফলে ওই সব এলাকাতে মেইন সংযোগ চালু বা বন্ধ করার মতোও কেউ নেই।

কর্মচারীদের চার দফা দাবী:

  • বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল ও বাস্তবায়নের রূপরেখা প্রকাশ।
  • কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের স্বপদে বহাল।
  • অন্যায়ভাবে বদলিকৃতদের পুনরায় পদায়ন ও বরখাস্তদের পুনর্বহাল।
  • লাইনম্যানদের কর্মঘণ্টা নির্ধারণ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

রামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুহাম্মদ শাহীন রেজা ফরাজী বলেন,
“১১১ জনের মধ্যে ৯৯ জন ছুটির দরখাস্ত দিয়ে চলে গেছেন। বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের কর্মচারীরাও মোবাইল জমা দিয়ে অফিস ছেড়েছেন। আমরা যারা নন-টেকনিক্যাল কয়েকজন আছি, ইচ্ছা করলেও অনেক কাজ করতে পারছি না।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন