চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় সাবেক তিন মন্ত্রীসহ মোট ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে চার্জশিট গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, আবু রেজা নদভী এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন বাচ্চু।
জানা গেছে, প্রথমে নিহত শহীদের ভাই বাদী হয়ে মাত্র আটজনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। তদন্ত শেষে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল এ মামলায় সাবেক তিন মন্ত্রীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ২৩১ জন নেতাকর্মীকে আসামি করে গত ২৪ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পিস্তল, শর্টগানসহ ভারী অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। বহদ্দারহাট মেয়রের বাসভবনের সামনে গুলিবিদ্ধ হয়ে আহত শহীদুল ইসলাম শহীদ সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

