ফেনীর সোনাগাজীতে প্রেমে সাড়া না দেওয়ায় লায়লী আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রোববার দুপুরে এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের মা মনোয়ারা খাতুন। এর আগে, শনিবার রাতে উপজেলার পশ্চিম তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী। তিনি সদর ইউনিয়নের চর খোন্দকার এলাকার জেবল হক সবুজের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামী প্রবাসে থাকায় সাত মাস ধরে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তানিয়া। এ সুযোগে চার-পাঁচ মাস আগে তাকে প্রেমের প্রস্তাব দেন সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামের নুর উদ্দিনের ছেলে মো. রনি।
এতে সাড়া না দিয়ে বিষয়টি নিজের মাকে জানান তানিয়া। এরপর রনিকে সতর্ক করেন তার মা। এতে ক্ষিপ্ত হয়ে তানিয়াকে হত্যার হুমকি দেন রনি। ঘটনার দিন রাতে বোনকে দেখতে যান ছোট ভাই নুরনবী জিসান। এ সময় তাকে গলায় গামছা ও ওড়না পেঁচানো দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মাকে খবর দেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, ঘটনার পর থেকে রনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

