ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে শওকত মিয়া (৩৮) নামে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১টার দিকে ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শওকত মিয়া জেলার সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মামলার বিবরণী ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ মে বিকেলে সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামের ওই শিশুটি বাড়ির পাশে নিজেদের শাক-সবজির ক্ষেত দেখতে যায়। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিবেশী শওকত মিয়া শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের একটি নির্জন পাটক্ষেতে ধর্ষণ করলে শিশুটির শরীরে মারাত্মক রক্তক্ষরণ হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৫ অক্টোবর পুলিশ আসামি শওকত মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।

মামলার রায়ে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট অর্চনা দাস সংবাদ মাধ্যমকে বলেন,"মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুর ২২ ধারায় জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তা (আইও) এবং সাক্ষীদের প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ আদালতে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সার্বিক সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামির বিরুদ্ধে এই দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছেন।"

ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

ঘটনার সুদীর্ঘ ৬ বছর পর ঘোষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন