কিশোরগঞ্জের নিকলীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় নিকলী উপজেলার ঘোড়াউত্ররা নদীতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার ১২টি নৌকা অংশ নেয়।
নিকলী উপজেলা সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচকে ঘিরে নদীর তীরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ নদীর তীরে জড়ো হতে থাকেন। বিকেলের দিকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। ছোট-বড় নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেন দর্শনার্থীরাও।
নৌকা বাইচ অনুষ্ঠানে নিকলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
বাইচে অংশ নেওয়া নৌকাগুলো বৈঠার ছন্দে দ্রুতগতিতে নদীর বুক চিরে এগিয়ে চললে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকারম সর্দার, কেন্দ্রীয় কৃষকদলের সাবেক নেতা হাজী মাসুক মিয়া, নিকলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল মান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, প্রতিবছর নিকলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠিত হলেও দীর্ঘ ১০ ধরে এ আয়োজন বন্ধ ছিল। এবার বিএনপির দুই গ্রুপের উদ্যোগে পৃথকভাবে দুটি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সোয়াইজনী নদীতে বিএনপির এক পক্ষের উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ঘোড়াউত্রা নদীতে বিএনপির বহিষ্কৃত গ্রুপের উদ্যোগে নৌকা বাইচটি অনুষ্ঠিত হয়েছে।
নৌকা বাইচ প্রতিযোগিতা বিকেল ৫ টায় শুরু হলেও সকাল থেকেই দীর্ঘদিনের প্রত্যাশিত এ আয়োজন উপভোগ করতে আশপাশের এলাকার হাজার হাজার মানুষ সড়ক ও নৌপথে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। পার্শ্ববর্তী উপজেলা থেকেও অনেক দর্শক নৌকা বাইচ দেখতে আসেন। বিশেষ করে বাজিতপুর, কটিয়াদী, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, তাড়াইল, করিমগঞ্জ, কুলিয়ারচরসহ কিশোরগঞ্জ শহর থেকে বিপুলসংখ্যক দর্শক নৌকা বাইচ উপভোগ করতে আসেন।
নৌকা বাইচ দেখতে আসা নাজমা বেগম (৫৫) তার ১০ বছর বয়সী নাতনী রিয়াকে সঙ্গে নিয়ে এসেছে নৌকা বাইচ দেখাতে। নাজমা বেগম বলেন তার নাতনি আগে নৌকা বাইচ দেখেনি। নৌকার এই প্রতিযোগিতা দেখে তারা আনন্দিত।
ফাইনাল রাউন্ডে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলেন দেন নৌকা বাইচ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ শেখ মজিবুর রহমান ইকবাল। বড় নৌকার মধ্যে প্রথম পুরস্কার জিতে মোটরসাইকেল পেয়েছে নিকলী সদরের মোহরকোনার কেশবপুর একতা সংঘের নৌকা। দ্বিতীয় পুরস্কার ফ্রিজ পেয়েছে সদর ইউনিয়নের নাগার্ছিহাটি গ্রামের নৌকা। আর তৃতীয় পুরস্কার এলইডি টিভি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নৌকা।
এ ছাড়া ছোট নৌকার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লাহুন্দের নৌকা। একটি মুঠোফোন পুরষ্কার জিতে নেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

