ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে টাকা লুটের অভিযোগ

ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে টাকা লুটের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানার এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে এ ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারী বিডি কোং লি.’ নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।

রোববার দুপুরের দিকে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কারখানার কর্মকর্তাদের দাবি, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাসিয়ার লি পেংগুই নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। অন্তত তিনজনের একটি দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। তাদের মুখে মাস্ক ছিল। কারখানার পেছনের অংশে কোনো নিরাপত্তাব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা ছিল না। কারখানায় ঢুকে তারা চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে তার কাছ থেকে চাবি নিয়ে লকারে রাখা ৭০ লাখ টাকা নিয়ে যান তারা।

কারখানার ইনচার্জ ও ক্যাসিয়ার লি পেংগুই বলেন, ‘আনুমানিক সাড়ে ১১টার দিকে বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরে, এরপর বলে চাবি দাও। তখন চাবি নিয়ে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে যায়।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, শনিবার রাত ১১টার পর বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানার দোতলায় তিনজন দুষ্কৃতকারী ঢুকে এক চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে যায়। ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন