আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোটের আগে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নির্বাচনি মাঠ

উপজেলা প্রতিনিধি, (সালথা) ফরিদপুর

ভোটের আগে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নির্বাচনি মাঠ
ছবি: আমার দেশ।

আসন্ন ভোটগ্রহণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আসনে পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা বিরাজ করছে। ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী (রিকশা প্রতীক) আল্লামা শাহ্ আকরাম আলী বিএনপির বিরুদ্ধে হুমকি-ধামকি ও এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন। তবে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু এসব অভিযোগ অস্বীকার করে উল্টো প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ এনেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সালথা উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আল্লামা শাহ্ আকরাম আলী অভিযোগ করেন, তার নির্বাচনি এলাকায় রিকশা প্রতীকের কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে তার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘কর্মীদের বলা হচ্ছে—রিকশার এজেন্ট হলে বাড়িঘরে হামলা করা হবে এবং নির্বাচনের পর এলাকায় থাকতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে ভোটকেন্দ্রে আমার এজেন্টদের ওপর হামলার আশঙ্কা করছি। এমনকি ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট পেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে কেন্দ্র দখলের পরিকল্পনার কথাও শুনছি।’

তিনি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা মো. আমজাদ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক সজীব আল হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা।

অন্যদিকে বিকেলে পৃথক সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আঁধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে।” তিনি আরও দাবি করেন, তার নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যা হুমকি-ধামকির অভিযোগ দেওয়া হয়েছে, যার কোনো প্রমাণ নেই। প্রশাসন তদন্ত করে অভিযোগের ভিত্তি পায়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “হুমকি-ধামকি ও এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভোটগ্রহণকে সামনে রেখে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি মাঠে উত্তেজনা তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোট আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন