মাদারীপুর–২ আসনের রাজৈর উপজেলার ৮৪নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রেজাল্ট সিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে। তিনি রাজৈর উপজেলার স্বরমঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর প্রায় ২টার দিকে বিষয়টি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়ার নজরে এলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। পরে প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাটি জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল হককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনার পর ইউএনও ঘটনাস্থলে গিয়ে আগাম স্বাক্ষর করা রেজাল্ট সিট জব্দ করেন এবং নতুন সিট সরবরাহ করা হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। স্বাক্ষরিত সিটগুলো জব্দ করে নতুন সিট দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ বলেন,কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। এটা আমার ভুল হয়ে গেছে।
ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

