ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সদর উপজেলার সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফতুল্লা এলাকা ছাড়াও শহরের বাগডোমারী খাল, উপজেলা পরিষদের প্রতিটি দপ্তর, সাতটি ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন হাট-বাজারে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের পাশাপাশি ফতুল্লা স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের রাত্রিকালীন যাতায়াত আরও নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত এলাকায় সোলার লাইট স্থাপন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। অভিযানকালে স্কাউট, রোভার, ‘লজিক অব বাংলাদেশ’র স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

