গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের খলিশাখালী গ্রামে মওলা ও গোরা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোরা গ্রুপের প্রধান অ্যাডভোকেট গোরার সঙ্গে মোবাইলে কথা হলে তিনি জানান, নানা কারণে মওলা খাঁ গ্রুপের সঙ্গে তাদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। আজ মঙ্গলবার রাতে ছোটদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের গ্রুপের ১৩ জন আহত হয়েছেন।
অন্যদিকে, মওলা গ্রুপের ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ওই গ্রুপের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, এখনো কোনো পক্ষ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

