ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দুলাল সরদারের বিচার ও ইউনিয়ন পরিষদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ইউপি পরিষদের সদস্য জিহাদুল ইসলাম বলেন, সারা দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার। কিন্তু সেখানে গ্রাম পুলিশের সদস্য হয়েও স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশে দুলাল সরদারের মাদকের নেটওয়ার্ক যুব সমাজকে ধ্বংসের কাছে নিয়ে যাচ্ছে। আমরা মানববন্ধন কর্মসূচি থেকে গ্রাম পুলিশ দুলাল সরদারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চাকরি থেকে অব্যাহতের দাবি জানাচ্ছি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সাহাবুর বলেন, দুলাল সরদারকে তার আগের ইউপি চেয়ারম্যান অনৈতিক উপায়ে চাকরি দিয়েছেন। এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও তাকে দুই নম্বর ওয়ার্ড এলাকায় গ্রাম পুলিশে চাকরি দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুলাল সরদার ইউনিয়ন পরিষদের কাজের ফাঁকি দিয়ে মাদক কারবারিদের সঙ্গে বিশেষ সখ্য ছিল বলে জানান।
প্রসঙ্গত, ভাঙ্গা থানা পুলিশ ৯০০ ইয়াবা ট্যাবলেটসহ সোমবার রাতে নুরুল্লাগঞ্জের বাড়ি থেকে গ্রাম পুলিশ দুলাল সরদার ও তার সহযোগী মাদকের কারবারি রনি শেখের স্ত্রী আসমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ দুলাল সরদারের সার্বিক সহযোগিতায় রনি ও আসমা আক্তার গোটা ইউনিয়ন এলাকায় পাইকারী ও খুচরা মাদকের বিশাল নেটওয়ার্ক জোনে পরিণত করে। জেলা পর্যায়ের কথিত সাংবাদিক দুলাল সরদারের আত্মীয়তার সূত্রতায় ধরাকে সরা জ্ঞান করতেন। অবশেষে ইয়াবা ট্যাবলেট নিয়ে গ্রেপ্তারে গ্রাম পুলিশ দুলাল সাহার মুখোশ সবার কাছে উম্মেচন হয়ে পড়ে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

