শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির স্থানীয় কার্যালয়ে মধ্যরাতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহম্মেদ।
দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কার্যালয়ে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা একসঙ্গে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে সবাই চলে গেলে গভীর রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ে থাকা বিভিন্ন ব্যানার-ফেস্টুন বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়।
বাজারের পাহারাদারেরা আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
ঘটনার পরপরই বিষয়টি উপজেলা বিএনপির নেতাকর্মী ও পুলিশকে জানানো হয়।
গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহম্মেদ বলেন, স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। কে বা কারা এ হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ধারণা করছি, রাজনৈতিক প্রতিপক্ষের কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে এবং দলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

