এসএসসিতে নরসিংদীতে পাস ৭১.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৪৬০ জন

এসএসসিতে নরসিংদীতে পাস ৭১.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৪৬০ জন

সোমবার প্রকাশিত হয় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল। ফলাফলে তুলনামূলকভাবে সবচেয়ে খারাপ করেছে শিবপুর উপজেলা। এখানে পাসের হার ৬৪.৪০ এবং তুলনামূলকভাবে ভালো ফল করেছে রায়পুরা উপজেলা। এখানে পাস করেছে ৭৮.৫৮ ভাগ।

জেলার ৬টি উপজেলায় এসএসসি পরীক্ষায় ২৪৭টি প্রতিষ্ঠানের ১৮ হাজার ৫২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দাখিলে ৮৯টি মাদ্রাসার ২ হাজার ৫৭৮ জন এবং ভোকেশনালে ২৮টি প্রতিষ্ঠানের ৯৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর নরসিংদী জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ হাজার ৫২০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৪০৭ জন। ফেল করেছে ৫ হাজার ১১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬০ জন। জেলায় গড় পাসের হার ৭১.৪৩। জেলায় শতভাগ পাস করেছে ৭টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো, নরসিংদী সদর উপজেলার নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস—৩৮২ জন পরীক্ষা দিয়ে সকলেই জিপিএ-৫ পেয়েছে, বিয়াম জিলা স্কুল থেকে ৩৯ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে। এছাড়া পলাশ উপজেলার জনতা আদর্শ বিদ্যাপীঠে ১১৮ জন পরীক্ষা দিয়ে ৪৭ জন জিপিএ-৫সহ সকলেই পাস করেছে, পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলে ৩৭ জন পরীক্ষা দিয়ে ৯ জন জিপিএ-৫সহ সকলে পাস করেছে। শিবপুর উপজেলার ব্রাইড স্কুলে ৩৫ জন পরীক্ষা দিয়ে ২ জন জিপিএ-৫সহ সকলেই উত্তীর্ণ হয়েছে। রায়পুরা উপজেলায় শতভাগ উত্তীর্ণ হয়েছে দুটি স্কুল। এগুলো হলো রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ—৩৪ জন পরীক্ষা দিয়ে একজন জিপিএ-৫সহ সকলেই পাস করেছে এবং ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়—৪৪ জন পরীক্ষা দিয়ে ১৪ জন জিপিএ-৫সহ সকলেই পাস করেছে।

এছাড়া দাখিল পরীক্ষায় জেলা থেকে এবার পরীক্ষা দিয়েছে ২ হাজার ৫৭৮ জন। উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৬৫ জন। ফেল করেছে ৯১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন। জেলায় গড় পাসের হার ৬৩.৩৫। সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে রায়পুরা উপজেলা। এখানে পাসের হার ৯০.১৪। দাখিলে ফলাফল বিপর্যয় ঘটেছে বেলাবো উপজেলায়। বেলাবোতে পাসের হার ৪৬.৫৩ শতাংশ। দাখিলে জেলায় শতভাগ পাসের প্রতিষ্ঠান একটি। এটি হলো রায়পুরা উপজেলার একমাত্র পলাশতলী কাশেমুল উলুম দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে একজন জিপিএ-৫সহ সকলেই পাস করেছে। শতভাগ ফেল করেছে বেলাবো উপজেলার সুটুরিয়া এফ এইচ কে দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষা দিয়ে ১৫ জনই ফেল করেছে।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জেলায় অংশগ্রহণকারী ৯৬১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৮১ জন। ফেল করেছে ২৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন। জেলায় গড় পাসের হার ৭৪.৬০। তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে পলাশ উপজেলা। এখানে পাসের হার ৯১.৬৭ শতাংশ। ফল বিপর্যয় ঘটেছে বেলাব উপজেলায়। এখানে গড় পাসের হার ৫৯.৭৪ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন