৬ কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ

৬ কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

ঈদুল ফিতরের সময় শোলাকিয়া ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং স্থানীয় নেতারা। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকার এই উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়।

প্রকল্পের আওতায় ঈদগাহ মাঠ আধুনিকায়নের লক্ষ্যে মাটি ভরাট করে ভূমি উঁচু করা, জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং চারপাশে স্লোপ নির্মাণ করা হবে। পাশাপাশি পুরো মাঠ ঘিরে দৃষ্টিনন্দন সীমানাপ্রাচীর ও নতুন প্রবেশদ্বার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া দূরদূরান্ত থেকে আগত লাখো মুসল্লির অজুর সুবিধার্থে ঈদগাহসংলগ্ন পুকুরের তিন পাশে ঘাটলা নির্মাণ করা হবে। সংলগ্ন মসজিদকে তিনতলা ভবনে উন্নীত করার পাশাপাশি আধুনিক অজুখানা ও ওয়াশরুম নির্মাণও এই প্রকল্পের অন্তর্ভুক্ত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যসচিব কামরুল হাসান মারুফ জানান, আগামী ঈদুল ফিতরের আগেই মাঠ ভরাট, সীমানাপ্রাচীর এবং পুকুরের ঘাটলা নির্মাণের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে প্রকল্পের অন্যান্য অবকাঠামোগত কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠকে সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দনভাবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শোলাকিয়া ঈদগাহ মাঠের ঐতিহাসিক মর্যাদা ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে ঈদের জামাতে অংশ নিতে আসা লাখো মুসল্লির জন্য আধুনিক, নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন