নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি চাচি ফারজানা আক্তার লতা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার রাত ৮টায় র্যাব-১১ নরসিংদীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-১১ নরসিংদী সিপিএসসির ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওর সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের মোবাইল দিয়ে গোপনে ধারণ করা ভিডিওটিতে দেখা যায়, শিশুটির পায়ে মুচড় দিয়ে গুরুতর আঘাত করছেন চাচি ফারজানা আক্তার লতা।
এ অমানবিক ঘটনায় দেশব্যাপী তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারজানা আক্তার লতা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। তিনি নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়েছেন বলেও জানিয়েছে র্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হয়।
এই মামলায় এর আগে লতার স্বামী কাউছার আহম্মেদ এবং শ্বশুর আলমাছ মিয়াকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পারিবারিক বিরোদের জের ধরে গত ১১ জুলাই শিশুটির পায়ে মোচড় দেয় ফারজানা আক্তার লতা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

