ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও বেপরোয়া গতির কারণে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পাওয়ায় আতঙ্কও বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের রাজৈর পৌরসভার সামনে থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

সোমবার সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে আমগ্রাম থেকে টেকেরহাট সড়ক এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন