সাংবাদিকদের সেতুমন্ত্রী

ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলবে মুক্তারপুর-পঞ্চবটি এক্সপ্রেসওয়ে

ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলবে মুক্তারপুর-পঞ্চবটি এক্সপ্রেসওয়ে

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে উড়ালসড়ক চালু হলে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের মধ্যে যোগাযোগব্যবস্থা আরো সহজ, দ্রুত ও স্বস্তিদায়ক হবে।

এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, একটি নিষিদ্ধ রাজনৈতিক দল আড়ালে-আবডালে মিছিল-সমাবেশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণের নির্বাচিত সরকার ও বিদ্যমান শৃঙ্খলায় তারা কোনো বিঘ্ন ঘটাতে পারবে না।

তিনি বলেন, জনগণের প্রত্যাখ্যাত এবং রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইন লঙ্ঘন করে কার্যক্রম চালালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দেখবে। প্রয়োজন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় মহাসড়ক এআই ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় এসেছে। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক হাইওয়ে সড়কেও এআই ক্যামেরার নিযন্ত্রণে আনা হবে। সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুর আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন