নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

নরসিংদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রেজাউল করিম রাফি (২৮) হামলার শিকার হয়েছেন। ১১ মে সন্ধ্যায় শহরের বসাইল এলাকায় অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক ‘VOD BANGLA’র জেলা প্রতিনিধি।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত মরহুম মোকাররম হোসেন ভূঁইয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের সংবাদ সংগ্রহ করতে যান রাফি। সেখানে সন্ধ্যা প্রায় ৭টার দিকে আজিজুল ইসলাম রিফাত (১৯) নামে এক যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

হামলাকারী রিফাত রায়পুরা উপজেলার পাড়াতলী এলাকার বাছেদ বাচ্চুর ছেলে। অভিযোগে বলা হয়েছে, রিফাত কোনো কারণ ছাড়াই সাংবাদিক রাফির ডান কানে সজোরে ঘুষি মারেন, যার ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আহত সাংবাদিকের দাবি, মারধরের পর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। হামলাকারী তাকে নরসিংদীতে সাংবাদিকতা করতে না দেওয়ার হুমকি দেওয়াসহ তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেন। এই ঘটনায় তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার পর সাংবাদিক রাফি নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে সহকর্মী সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে তিনি নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

থানা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন