দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে: পথসভায় জামায়াত আমির

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে: পথসভায় জামায়াত আমির
Amardesh_Jamate_Islami

বরিশাল বিভাগীয় সমাবেশে যোগদানের পথে মাদারীপুরের কালকিনি উপজেলার পৌরসভার ভূরঘাটা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানাতে সমবেত হন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তিনি এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, “জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব।”

তিনি বলেন, জনসেবাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। মানবিকতা, ন্যায়বিচার ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের বিশ্বাস অর্জনেরও আহ্বান জানান তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন