সড়কে খুঁটি রেখে সিসি ঢালাই, তোপের মুখে সরিয়ে নিল বিদ্যুৎ বিভাগ

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

সড়কে খুঁটি রেখে সিসি ঢালাই, তোপের মুখে সরিয়ে নিল বিদ্যুৎ বিভাগ

টাঙ্গাইলের সখিপুরে সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালায়ের একদিন পর সরিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগ এবং সড়ক ও জনপদ বিভাগের খামখেয়ালি, উদাসীনতার ও সমন্বয়হীনতার কারণে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

‎সরেজমিন ঘুরে দেখা যায়, দূর্গা এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত দুই সপ্তাহ ধরে কচুয়া-আড়াইপাড়া সড়কের কচুয়া অংশে নির্মাণ কাজ করছিল। মঙ্গলবার সড়কের মাঝখানে খুঁটি রেখে সিসি ঢালাই দেয়া হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। অনেকেই ছবি, ভিডিও শেয়ার করেন সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেন। কচুয়া এলাকার সাধারণ মানুষের মাঝে উত্তেজনা দেখা দেয়। বুধবার দুপুরে খুঁটি কেটে অপসারণ করা হয়।

‎কচুয়া বাজারের চা দোকানদার মিনহাজ বলেন, সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে চলাচল করতে গিয়ে নতুন করে দুর্ভোগ পোহাতে হবে হাজার হাজার পথচারীর। খুঁটির কারণে সড়কটি সরু হয়ে পড়ায় দুর্ঘটনারও আশঙ্কা করা হচ্ছে।

‎স্থানীয় বাজারের ফল ব্যবসায়ী শাহ আলম  বলেন, সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালাই দেওয়া হয়েছে। এতে দুর্ভোগ আরো বাড়বে । এ ছাড়া যে কোনো মুহূর্তে এটি বড় ধরনের দুর্ঘটনার কারণও হতে পারে। সড়ক থেকে দ্রুত বৈদ্যুতিক খুঁটি অপসারণের দাবি জানান তিনি।

‎এ বিষয়ে দূর্গা এন্টার প্রাইজের সত্বাধিকারী শ্যামল কান্তি সাহা বলেন, সমস্যা হয়েছিল সমাধান হয়ে গেছে। আমরা খুঁটি তোলার জন্য আবেদন করেছিলাম ওনি বলেন স্বাক্ষর আমার না তাই তোলেনি।

‎বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সখিপুরের নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুলদার বলেন, রাস্তাটি আগে সরু ছিল তখন খুঁটিটি রাস্তার একপাশেই ছিল কিন্তু রাস্তা এখন প্রশস্ত হওয়ায় খুঁটিটি সড়কের মধ্যে পড়েছে। কাজ শুরু করার আগে বিষয়টি ঠিকাদার আমাদের জানায়নি। গতকাল ঢালাই শুরুর পূর্ব মুহূর্তে জাল স্বাক্ষর দিয়ে আমাকে একটি আবেদন দিয়েছে তারপরেও আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। তবে ঠিকাদার বিদ্যুৎ বিভাগকে বিতর্কিত করতে এমনটি করেছেন বলে মনে হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন