বাড়িতে মেয়ের বিয়ের ডামাডোল, সড়কে প্রাণ গেল বাবার

বাড়িতে মেয়ের বিয়ের ডামাডোল, সড়কে প্রাণ গেল বাবার

বাড়িতে চলছিল বিয়ের ডামাডোল, আনন্দ আর ব্যস্ততা। মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে নিহত হয়েছেন লোকমান হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিয়ের বাজার নিয়ে আর বাড়ি ফেরার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী দিরু নামের অপর একজন নিহত হয়েছেন।

লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে এবং দিরু নেত্রকোনা জেলার মাছ ব্যবসায়ী ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লোকমান হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত লোকমান হোসেন ও মাছ ব্যবসায়ী দিরুকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর দিরুও মারা যান।

আনন্দের মধ্যেই বাবাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেয়ের বিয়ের বাজার নিয়ে ঘরে ফেরার কথা ছিল, শেষ পর্যন্ত তাঁকে ফিরতে হলো লাশ হয়ে।

রাজেন্দ্রপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...