ঢাকার ধামরাইয়ে বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুন রশিদ খান মুন্নুর স্ত্রী ও আমার দেশ পত্রিকার সম্পাদকের শাশুড়ি মোসাম্মত হুরুন নাহার খানের ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে ধামরাইয়ের বিভিন্ন মসজিদে ফজরের নামাজের পর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোও শোক প্রকাশ করেছে।
মানিকগঞ্জ কল্যাণ সমিতি, ধামরাই শাখার সভাপতি সিরাজুল হক দুলাল জানান, মরহুমা তার আত্মীয় হওয়ায় তার পক্ষ থেকেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া ধামরাইয়ে ‘আমার দেশ’-এর প্রতিনিধি রাজীব হাসানের উদ্যোগে আগামীকাল মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুমার স্বামী হারুন অর রশিদ খান মুন্নু ছিলেন দেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত মুন্নু সিরামিকস, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও মুন্নু জুটেক্সসহ একাধিক শিল্পপ্রতিষ্ঠান ধামরাই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। স্বামীর ইন্তেকালের পর এসব প্রতিষ্ঠানের দেখভাল করতেন তার স্ত্রী হুরুন নাহার খান ও কন্যা আফরোজা খানম রিতা।
স্থানীয়রা জানান, ধামরাইয়ে তাদের নিয়মিত যাতায়াত ছিল এবং এলাকার মানুষের সঙ্গে মরহুমার ছিল নিবিড় সম্পর্ক। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

