সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট বৃদ্ধা: আটক হেলপার, জব্দ গাড়ি

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট বৃদ্ধা: আটক হেলপার, জব্দ গাড়ি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোছা. আলেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আলেয়া বেগম খুলনার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় কালাম নামের এক ব্যক্তির বাসায় তার মেয়ের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান আলেয়া বেগমকে চাপা দেয়। কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করে এবং কাভার্ড ভ্যানের হেলপার মো. মনির হোসেনকে (৪০) আটক করে। তবে দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক মো. উদয় (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। চালকের সহকারীসহ কাভার্ড ভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পলাতক চালককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন