মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়া মেয়ের জামাইয়ের সঙ্গে ধস্তাধস্তি মারা গেছেন শ্বশুর। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে সিদ্দিকুর রহমানের (৪৮) বসতঘরের পাশে অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান তার জামাই রাসেল। এ সময় অটোরিকশার পাশ থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে সিদ্দিকুর রহমান ও তার ছেলে ঘর থেকে বাইরে বের হন। অন্ধকারের মধ্যে চোর সন্দেহে তারা রাসেলকে জাপটে ধরেন। এতে রাসেলের সঙ্গে তার শ্বশুর সিদ্দিকুর রহমানের প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে রাসেলের মারাত্মক আঘাতে সিদ্দিকুর রহমান গুরুতর জখম হন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তিনি মারা যান।
ঘটনার পরপরই পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজন অভিযুক্ত রাসেলকে ধরে ফেলে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের হাত থেকে রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আঘাত পেয়ে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে অভিযুক্ত রাসেল নিহতের আপন মেয়ের জামাই। পুলিশ হেফাজতে রাসেলের চিকিৎসা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

