নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াত।
শনিবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জামায়াত নেতারা জানান, শনিবার গহরদী এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ চলছিল। হঠাৎ করেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা দেয়। প্রথমে তর্কবিতর্কের পর জামায়াত কর্মীদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সাবেক আমির মোতাহার হোসেন বলেন, ‘স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারি ও ইউসুফ শিকারির নেতৃত্বে এ হামলা চালানো হয়। এদের মধ্যে শাহজাহান শিকারি মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানতে পেরেছি। তাদের হামলায় আমাদের অন্তত পাঁচজন আহত হয়েছেন। দুজনকে হাসপাতালে চিকিৎসা দিতে হচ্ছে।’
নারায়ণগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, ‘বিনা উসকানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। আমরা এ ঘটনায় প্রশাসনের কাছে যাব এবং এ হামলাকারীদের বিচারের দাবি জানাব।’
গণসংযোগে এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এই নিন্দা জানান। একই সঙ্গে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

