নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন যমজ ভাই।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে চার বন্ধু নিখোঁজ হয়। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে আসতে পারলেও বাকি তিনজন নদীতে তলিয়ে যায়।
নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেয়।
বিকেল সাড়ে ৩টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিনের (১৫) লাশ উদ্ধার করা হয়। এর দেড় ঘণ্টা পর বিকেল ৫টা ১০ মিনিটের দিকে একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবিরের (১৪) লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস স্থানীয়দের বরাতে জানায়, নিহত তিনজনই উপজেলার মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। যমজ দুই ভাই আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তিন শিক্ষার্থীসহ চার বন্ধু বাড়ি থেকে বের হয়। তবে তারা স্কুলে না গিয়ে ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চারজনের মধ্যে একজন নদী থেকে উঠে এলেও অন্য তিনজন পানিতে তলিয়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। উদ্ধার অভিযানে ঢাকা থেকে আসা ডুবুরি দলের সদস্যরাও অংশ নেন। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিখোঁজ তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


