জুলাই স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে আন্দোলনে শহীদ ও আহত ছাত্রদের স্মরণে নরসিংদীর পলাশ উপজেলায় ‘জুলাই স্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পলাশ উপজেলার শিক্ষার্থীদের নেতৃত্বে এই স্তম্ভটি নির্মিত হয়।
বৃহস্পতিবার পলাশ উপজেলা পরিষদ চত্বরে এই স্তম্ভ উদ্বোধন করা হয়। শুক্রবার বিষয়টি জানিয়েছেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী মো. জাহিন মোল্লা।
জানা গেছে, গত বছরের এই দিনে পলাশ উপজেলায় প্রথম আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক ছাত্র হত্যার বিরুদ্ধে মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর নানা রকম হুমকি-ধামকি দেয় পলাশের আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ।
ফলে ভয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।শুধু তাই নয়, পুলিশকে ব্যবহার করে শিক্ষার্থীদের আটক ও হত্যার পরিকল্পনাও করে স্থানীয় আওয়ামী নেতারা। তাই এই দিনটিকে স্মরণে রাখতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘জুলাই স্তম্ভ’ নির্মাণ করা হয়েছে।
এটি নির্মাণের ফলে ফুটে উঠেছে বীর শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ এবং কিশোর শহিদ তাহমিদ ও পলাশের ইমনসহ জুলাই যোদ্ধাদের স্মৃতি।
জুলাইয়ের স্মৃতিচারণ করে বক্তব্য দেন—শিক্ষার্থী মো. শোয়েব, সাইমুন রসুল শান্ত, সামিউর মাহি জাহিন মোল্লা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন—শিক্ষার্থী নূর মোহাম্মদ নিহাদ, জুনায়েদ হোসেন, জারিফ মোল্লা, রেজাউল হাসান মুগ্ধসহ অন্য শিক্ষার্থীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



