আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফতুল্লায় চুরি হওয়া স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লায় চুরি হওয়া স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় দিনের বেলায় ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার চৌরাপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে মো. পারভেজ (৪০) এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মাঝকান্দির চর এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিরাজ (২৯)। তাদের মধ্যে পারভেজের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকার রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা ২৫ হাজার টাকা, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৫ ভরি ১৪ আনা ৫ রতি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে ৭টি চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট ও ৪টি কানের দুল।

পুলিশ জানায়, বুধবার দুপুরে ফতুল্লার মাসদাইর শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ফ্ল্যাটের তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, ৮টি স্বর্ণের চেইন, একটি গলার হার, ৬টি স্বর্ণের আংটি, একটি নেকলেস, একটি ব্রেসলেটসহ একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

পরে রাতেই জহিরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, চুরির ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন