মাদকের করাল গ্রাস কীভাবে একটি সাজানো পরিবারকে মুহূর্তের মধ্যে নিঃস্ব করে দিতে পারে, তার এক নৃশংস ও মর্মান্তিক বাস্তব উদাহরণ দেখা গেল কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর মহল্লায়।
বুধবার ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত তরুণ ফুল মিয়া কেবল তার নিজ বসতঘরেই আগুন দেয়নি, বরং পরিবারের সদস্যদের জীবন্ত পুড়িয়ে মারার মতো জঘন্য অপরাধের পথ বেছে নেয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে স্থানীয় একটি দোকানে বাকিতে পণ্য না পেয়ে দোকানদারকে নির্মমভাবে পেটানোর মাধ্যমে ঘটনার সূত্রপাত ঘটে। এরপর এই বখাটে তরুণ বাড়িতে ফিরে তার বাবা আবু বক্কর, মা রুবিনা বেগম এবং বোনের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় লিপ্ত হয় এবং একপর্যায়ে দা নিয়ে তাদের ওপর চড়াও হয়। স্বজনেরা প্রাণভয়ে বাইরে গিয়ে স্থানীয়দের ডাকতে গেলে ফুল মিয়া নিজের ঘরে আগুন ধরিয়ে দেন এবং বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন, যাতে কেউ আগুন নেভাতে না পারে। খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের একটি চৌকস দল প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ওই ঘরের আসবাবপত্র, বই-খাতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং তালাবন্ধ ঘরে থাকা প্রায় অর্ধশত হাঁস-মুরগিসহ সবকিছু সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
কুলিয়ারচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযুক্ত ফুল মিয়ার মা রুবিনা বেগম জানান, বখাটে এই ফুল মিয়া প্রতিদিন নেশার টাকার জন্য পরিবারের ওপর অকথ্য নির্যাতন চালাত এবং সামান্য বকাঝকা বা অস্বীকৃতি জানালে দা নিয়ে তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করত। মা হিসেবে নিজের সন্তানের বিরুদ্ধে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো চরম শাস্তির দাবি জানান।
তিনি আরো বলেন, এই মাদকাসক্ত ছেলেকে কঠোর আইনের আওতায় না আনলে সে তার বাকি চার সন্তানসহ তাদের পুরো পরিবারকে যেকোনো সময় পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে পারে। অন্যদিকে, অভিযুক্তের বাবা আবু বক্কর এবং ছোট ভাই দিপুও একই রকম ক্ষোভ প্রকাশ করে এই পৈশাচিক কাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ফুল মিয়াকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

