কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ইটের ভাটার দেয়াল ধসে কাজ করার সময় মোহাম্মদ উৎপল ও গোলাপ মিয়া নামের দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার একটি ইটের ভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উৎপল ও গোলাপ মিয়া উভয়েই পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী গ্রামের বাসিন্দা। উৎপল মোহাম্মদ আলীর ছেলে এবং গোলাপ মিয়া ছফির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার সজলের ইট ভাটায় আজ সকাল থেকে অন্যান্য দিনের মতো শ্রমিকরা কাজ করছিলেন। বেলা ১২টার দিকে হঠাৎ ওই ভাটার একটি দেয়াল এবং দেয়ালের ওপরে রাখা ইটের স্তূপ ভেঙে চারজন শ্রমিকের ওপর ধসে পড়ে। এতে তারা গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। বাকি দুই আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

